নিজস্ব প্রতিবেদক : ৩০ শতাংশ কোটা পুনর্বহালের দাবিতে শাহবাগে রাস্তা অবরোধ অব্যাহত রয়েছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্যদের। এতে চারদিকে যান চলাচল বন্ধ হয়ে আছে।
বুধবার দিবাগত রাতে তারা রাস্তায় নামেন। বৃহস্পতিবার সকালে গিয়েও একই দৃশ্য চোখে পড়ে। সবার মুখে একটাই স্লোগান, মুক্তিযোদ্ধাদের ৩০ শতাংশ কোটা বহাল রাখতে হবে।
এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান জানান, আমরা তাদের সরে যাওয়ার অনুরোধ করছি। যান চলাচল বন্ধ রয়েছে। তারা টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেছেন। এ রিপোর্ট লিখার আগ পর্যন্ত দেখা গেছে শিক্ষার্থীরা শাহবাগে অবস্থান করছেন।
বেতন কাঠামোর নবম থেকে ১৩তম গ্রেড (আগের প্রথম ও দ্বিতীয় শ্রেণির চাকরি) পর্যন্ত সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে সব ধরনের কোটা বাতিলের প্রস্তাব বুধবার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমের নেতৃত্বে গঠিত কোটা পর্যালোচনা কমিটি গত ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সুপারিশ জমা দেয়। কমিটি নবম থেকে ১৩তম গ্রেড পর্যন্ত নিয়োগের ক্ষেত্রে সব ধরনের কোটা উঠিয়ে দেয়ার প্রস্তাব করে। সেই প্রস্তাবটিই অনুমোদন দিল মন্ত্রিসভা। এর পরিপ্রেক্ষিতে গতকাল রাতে রাস্তায় নেমেছেন মুক্তিযোদ্ধার সন্তানরা।
এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোটা থাকলেই শুধু আন্দোলন। তাই কোটার দরকার নেই। কোটা না থাকলে আন্দোলন নেই, সংস্কারও নেই। তিনি বলেন, যদি কেউ কোটা চায়, তাহলে এখন কোটা চাই বলে আন্দোলন করতে হবে। সেই আন্দোলন যদি ভালোভাবে করতে পারে, তখন ভেবেচিন্তে দেখা হবে কী করা যায়? এরপর যদি কেউ কোনো কোটা চায়, তাহলে তাকে আন্দোলন করতে হবে। আন্দোলন ছাড়া কোটা দেয়া হবে না।

