আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বর্ষীয়ান কুর্দি রাজনীতিক বারহাম সালিহ। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন এ তথ্য জানিয়েছে।
সালিহ আগে কুর্দিস্তানের আঞ্চলিক সরকার ইরাকি কুর্দিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন। এ ছাড়া, ইরাকি কেন্দ্রীয় সরকারের প্রাক্তন উপপ্রধানমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। তিনি উদারপন্থি নেতা হিসেবে সুপরিচিত।
মঙ্গলবার বারহাম সালিহকে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করা হয়। ইরাকের প্রধান দুটি কুর্দি রাজনৈতিক দল কুর্দিস্তান ডেমোক্রেটিক পার্টি ও দ্য প্যাট্রিয়টিক ইউনিয়ন অব কুর্দিস্তানের মধ্যে বিতর্কের জেরে প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ বিলম্ব হয়। পরে ২০ জন প্রার্থীর মধ্যে থেকে প্রেসিডেন্ট নির্বাচনে বাধ্য করা হয় দল দুটিকে। সেখানে বারহাম সালিহ তার প্রধান প্রতিদ্বন্দ্বী ফুয়াদ হুসেইনকে ২১৯-২২ ভোটে পরাজিত করে প্রেসিডেন্ট নির্বাচিত হন।
নতুন প্রেসিডেন্ট সালিহ আগামী সংসদের প্রার্থী মনোনয়নসহ সরকার গঠনে ১৫ দিন সময় পাবেন।
উল্লেখ্য, ইরাকে ২০০৩ সালে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন সামরিক হামলার পর থেকে এক অনানুষ্ঠানিক চুক্তি অনুসারে দেশটির প্রেসিডেন্ট হবেন একজন কুর্দি, প্রধানমন্ত্রী হবে শিয়া ও পার্লামেন্টের স্পিকার হবেন সুন্নী মতাবলম্বী ব্যক্তি।

