আন্তর্জাতিক ডেস্ক : মেক্সিকোকে সঙ্গে নিয়ে নতুন বাণিজ্য চুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও কানাডা। নতুন এই চুক্তি নাফটার স্থলে কার্যকর হবে। দ্য ইউনাইটেড স্টেটস-মেক্সিকো-কানাডা অ্যাগ্রিমেন্ট (ইউএসএমসিএ) নামের এই চুক্তিতে কানাডার ডেইরি মার্কেটে যুক্তরাষ্ট্রের প্রবেশাধিকার বাড়বে। পক্ষান্তরে যুক্তরাষ্ট্রের গাড়ির বাজারে কানাডার রপ্তানি কমবে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বহু দিন ধরেই নাফটা নিয়ে আপত্তি জানিয়ে আসছিলেন। নাফটার আওতায় প্রায় ৭৬৭ বিলিয়ন ডলারের বাণিজ্য হতো। সম্প্রতি মনে হচ্ছিল, নাফটা থেকে কানাডাকে বাদ দেওয়া হতে পারে।
নতুন চুক্তি স্বাক্ষরের পর যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি রবার্ট লাইথিজার ও কানাডার পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড এক যৌথ বিবৃতিতে বলেন, ‘আজ মেক্সিকোকে সঙ্গে নিয়ে কানাডা ও যুক্তরাষ্ট্র একটি চুক্তিতে পৌঁছেছে। এটি একুশ শতাব্দীর জন্য আধুনিক বাণিজ্য চুক্তি। এর নাম দ্য ইউনাইটেড স্টেটস-মেক্সিকো-কানাডা অ্যাগ্রিমেন্ট।’
বিবৃতিতে বলা হয়, ‘এই চুক্তির ফলে আমাদের শ্রমিক, কৃষক, খামারি ও ব্যবসায়ীরা একটি উচ্চ মানের বাণিজ্য চুক্তি পেল। এর ফলে আমাদের অঞ্চলে উন্মুক্ত বাজার, স্বচ্ছ বাণিজ্য ও অর্থনৈতিক প্রবৃদ্ধি সমৃদ্ধ হবে।’
চলতি বছরে মেক্সিকো ও কানাডা থেকে স্টিল ও অ্যালুমিনিয়াম আমদানির ওপর উচ্চ শুল্কারোপের পর দেশ দুটির সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য লড়াই শুরু হয়। তার পর নতুন এ চুক্তি এলো।

