ঢাকাMonday , 1 October 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এমএনপি সেবা চালু

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : দেশে প্রথম বারের মতো পরীক্ষামূলকভাবে মোবাইল নম্বর পোর্টেবিলিটি (এমএনপি) সেবা বা নম্বর পরিবর্তন না করে অন্য অপারেটরের সেবা নেওয়ার সুযোগ শুরু হয়েছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী রোববার রাত ১২টা থেকে এ সেবা শুরু হয়।
এ সেবা চালুর ফলে এখন থেকে গ্রাহকেরা মোবাইল নম্বর অপরিবর্তিত রেখে অপারেটর বদলাতে পারবেন। এমএনপি সেবার দায়িত্ব পাওয়া প্রতিষ্ঠান ইনফোজিলিয়ন টেলিটেক-বিডি ও মোবাইল অপারেটরেরা জানিয়েছেন, সেবা দিতে এরই মধ্যে সব প্রস্তুতি শেষ হয়েছে।
ইনফোজিলিয়ন টেলিটেক বিডির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাবরুর হোসেন জানান, সেবাটি চালু করতে শনিবার রাত থেকেই পরীক্ষা চালানো হচ্ছে। ছোটখাটো সমস্যা সমাধান করা হয়েছে। গ্রাহকেরা সোমবার থেকে অপারেটর বদল করতে পারবেন।
অপারেটর বদলাতে গ্রাহককে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্যাবলি নিয়ে সংশ্লিষ্ট অপারেটরের (যেটায় যেতে আগ্রহী) কাস্টমার কেয়ার বা সেবা কেন্দ্রে যেতে হবে। নিয়ম অনুযায়ী, ৭২ ঘণ্টার মধ্যে নতুন সিমটি চালু হওয়ার কথা। একবার অপারেটর বদলালে গ্রাহককে নতুন অপারেটরে ৯০ দিন থাকতে হবে।
একবার অপারেটর বদলাতে গ্রাহককে ৫০ টাকা ফি দিতে হবে। এর ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর বা ভ্যাট আছে। ফলে গ্রাহকের ফি দাঁড়াচ্ছে ৫৭ টাকা ৫০ পয়সা। প্রতিবার অপারেটর বদলাতে গ্রাহককে নতুন সিম নিতে হবে। সিম পরিবর্তন বা রিপ্লেসমেন্টের ওপরে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ১০০ টাকা কর আছে। ফলে সব মিলিয়ে গ্রাহকের ফি দাঁড়াচ্ছে ১৫৮ টাকা। অবশ্য অপারেটরেরা গ্রাহক টানতে তাদের কাছ থেকে ফি কম নিতে পারে। ফলে অপারেটরেরা কত টাকা নেবে তা এখনই বলা যাচ্ছে না। এর বাইরে অপারেটরের ফি আছে ১০০ টাকা, যা এমএনপি সেবাদাতাকে দিতে হবে।