নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেছেন, ‘যারা দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করেন তাদের ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে ভয় বা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।’
তিনি বলেন, ‘স্বাধীন সাংবাদিকতার নামে যারা অপসাংবাদিকতা করছে, মানুষের চরিত্র হরণ করছে, দেশের সার্বভৌমত্ব ও সাম্প্রদায়িকতার ওপর আঘাত করছে, তাদের দমন করার জন্যই এ আইন করা হয়েছে। যারা প্রকৃত সাংবাদিতা করবেন তাদের ওপর এ আইন প্রয়োগ হবে না। যদি হয় তবে আমরা সাংবাদিক সমাজ এর প্রতিবাদ করব।’
শনিবার দুপুরে টাঙ্গাইল সার্কিট হাউজে আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন ইকবাল সোবহান।
তিনি বলেন, ‘বর্তমান সরকার সাংবাদিকদের জন্য নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নের জন্য কাজ শুরু করেছে এবং এ কাজ অনেক দূর এগিয়েছে। নবম ওয়েজ বোর্ডে প্রিন্ট মিডিয়ার পাশাপাশি ইলেক্ট্রনিক মিডিয়াও অন্তর্ভুক্ত করা হবে।’
এ সময় বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভিসি ডা. কামরুল হাসান খান, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগর সভাপতি ফজলুর রহমান খান ফারুক, টাঙ্গাইল সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খোরশেদ আলম, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

