ঢাকাThursday , 27 September 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিশ্ব পর্যটন দিবস আজ
দেশের পর্যটন শিল্পকে এগিয়ে নেওয়ার প্রত্যয়

Link Copied!

নিউজ ডেস্ক : একস্থান থেকে অন্যস্থানে কিংবা এক দেশ থেকে অন্য দেশে ভ্রমণ অর্থাৎ পর্যটন এখন জীবনের প্রিয় একটি অনুসঙ্গ হয়ে উঠছে। এ কারণে বিশ্বের বিভিন্ন দেশে ‘পর্যটন’ শিল্প হিসেবে স্বীকৃতি পেয়েছে। বিশ্ব পর্যটন দিবস আজ।
এ বছর ‘পর্যটন শিল্প বিকাশে তথ্য প্রযুক্তি’ এই প্রতিপাদ্যে পর্যটন শিল্পের উন্নয়নে তথ্য প্রযুক্তির উপর গুরুত্বারোপ করা হয়েছে। জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থার (ইউএনডব্লিউটিও) উদ্যোগে ১৯৮০ সাল থেকে ২৭ সেপ্টেম্বর দিবসটি পালিত হয়ে আসছে।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। প্রদত্ত বাণীতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেন, ‘প্রযুক্তিগত উত্তরণ ঘটিয়ে দেশের পর্যটন শিল্পের প্রচার ও উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি ট্যুর অপারেটর, হোটেল ও এভিয়েশন সংশ্লিষ্ট সকলকে একসাথে কাজ করতে হবে।’
দিবসটি উপলক্ষে প্রদত্ত বাণীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘পর্যটন শিল্পের সর্বক্ষেত্রে ডিজিটাল ব্যবস্থা প্রবর্তন করে এই শিল্পকে একটি অন্যতম অর্থনৈতিক খাত হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’
তিনি পর্যটন ব্যবসা পরিচালনায় ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তাদেরও স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
মানুষের মধ্যে পর্যটন বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এবারও বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশে দিবসটি নানা আয়োজনে পালিত হচ্ছে। প্রতিবছরের মতো এবারও বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডসহ বিভিন্ন পর্যটন সংস্থা দিবসটি উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে।
বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আগামীকাল শুক্রবার ঢাকায় শুরু হচ্ছে ৭ম এশিয়ান ট্যুরিজম ফেয়ার-২০১৮। বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সার্বিক সহযোগীতায় পর্যটন বিচিত্রা এই ট্যুরিজম ফেয়ারের আয়োজন করছে। রাজধানীর বসুন্ধরার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে আগামী ২৮, ২৯ ও ৩০ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে। মেলায় বাংলাদেশসহ ভারত, নেপাল, চায়না, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুরের বিভিন্ন পর্যটন সংস্থার ১২০টি স্টল অংশগ্রহণ করবে।
পর্যটন শিল্পকে এগিয়ে নেওয়ার প্রত্যয় : দেশের সম্ভবনাময় পর্যটন শিল্পকে এগিয়ে নেওয়ার প্রত্যয় নিয়ে বিশ্ব পর্যটন দিবসের কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) রাজু ভাস্কর্যের পাশে কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এ কে এম শাহজাহান কামাল।
‘পর্যটন শিল্পের বিকাশে তথ্যপ্রযুক্তি’ প্রতিপাদ্য নিয়ে এর আয়োজন করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ।
উদ্বোধনকালে ঢাবি উপাচার্য বলেন, পর্যটন দিবস আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি দিবস যা ১৯৮০ সাল থেকে বিশ্বব্যাপী উদযাপিত হচ্ছে। এ বছরের প্রতিপাদ্য অনুযায়ী তথ্য প্রযুক্তির মাধ্যমে আমরা যদি পর্যটন শিল্পের আধুনিকায়ন করতে পারি তাহলে আমরা আমাদের লক্ষ্য অর্জনে সক্ষম হব। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) একটি বিষয় পর্যটন। প্রতিপাদ্যটি এসডিজি অর্জনে ভূমিকা রাখবে।
মন্ত্রী শাহজাহান কামাল বলেন, পর্যটন শিল্পের বিকাশের মাধ্যমে আমরা সোনার বাংলা গঠন করতে সক্ষম হব। সম্ভবত এবারই প্রথম সুন্দরভাবে দিবসটি উদযাপিত হচ্ছে। এ সময় মন্ত্রী অংশগ্রহণকারী সবাইকে ধন্যবাদ জানান।
সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্ট অব বাংলাদেশের সভাপতি মনজুর মোর্শেদ মাহবুব, পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ইমরান, বাংলাদেশ পর্যটন করপোশেনের চেয়ারম্যান আখতারুজ জামান খান কবির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম বিভাগের চেয়ারম্যান বদরুজ্জামান ভূঁইয়া, অধ্যাপক ড. মোহাম্মদ আফজাল হোসেন, শাকের আহমেদ, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন প্রমুখ।